শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ।

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
হোসেনপুরে কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ।
কিশোরগঞ্জের হোসেনপুরে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ২৫০ বছরের পুরোনো দৃষ্টিনন্দন ঐতিহাসিক গোল মসজিদ। কয়েক দফায় পুনঃ সংস্কারের ফলে এটি উপজেলার পাঁচ নম্বর শাহেদল ইউনিয়নের বাগপাড়া গ্রামে নতুন রুপে মোঘল আমলের স্মৃতি বহন করে চলেছে। অজ পাড়াগাঁয়ে স্থাপিত ঐতিহাসিক ওই গোল মসজিদটি সে সময়ে হোসেনপুর উপজেলাসহ আশপাশের এলাকায় মুসলমানদের ধর্ম প্রচারের একমাত্র ধারক ও বাহক হিসেবে ব্যবহার হতো বলে জনশ্রুতি রয়েছে।
মসজিদ প্রাঙ্গণে স্থাপিত প্রাপ্ত শিলালিপি ও অন্যান্য সূত্রে জানা গেছে, হোসেনপুরের ওই গোল মসজিদটি ঐতিহাসিক মোগল আমলের নজরকাড়া স্থাপত্য শিল্পে নির্মিত হয়েছিল। পরবর্তীতে হিজরী ১২১৯ সালের দিকে এটি প্রথম পুনর্নির্মাণ করা হয়।
স্থানীয় ইতিহাসবিদদের ভাষ্যমতে,সুদূর ইরাক থেকে ভারতবর্ষের পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্ব বাংলায় মুসলিম ধর্ম যাজক শেখ  মুহাম্মদ শামছুদ্দিন ধর্ম প্রচারের জন্য কিশোরগঞ্জের অন্তর্গত হোসেনশাহী  পরগনার আওতাধীন বতমানে হোসেনপুর উপজেলার শাহেদল বাগপাড়া গ্রামে বসতি স্থাপন শুরু করেন। এরই ধারাবাহিকতায় তৎপরবর্তীতে শেখ মুহাম্মদ শামছুদ্দিনের দুই পুত্র শেখ আদম ও শেখ আলম ওই বাগপাড়া এলাকায় ঐতিহাসিক গোল মসজিদটির নির্মাণ কাজ সুসম্পন্ন করেন।
যা আজও কালের সাক্ষী হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক এ স্থাপনাটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।সরেজমিনে তথ্য সংগ্রহকালে ওই গোল মসজিদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মসজিদটির দেয়াল ৩ ফুট প্রস্থ। উপরের ছাদের অংশ সম্পূর্ণ গোলাকার আকৃতির। চুন, ইট ও আখের লালির সংমিশ্রণে দেয়ালের গাঁথুনি সম্পন্ন করা হয়েছিলো সেসময়। ওই গোল মসজিদের আয়তন দৃশ্যত কম হলেও মসজিদটিতে ইমামসহ তিন কাতারে ১৮-২০ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।
স্থানীয় প্রবীণ মুসল্লিরা জানান, ঐতিহাসিক এ গোল মসজিদের বয়স আনুমানিক ২০০-২৫০ বছরেরও বেশি হবে। এ সময় উপজেলার শাহেদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসিম সবুজ ও কবি মাজহারুল ইসলামসহ অনেকেই জানান,বর্তমানে মসজিদটিতে স্থানীয় মুসল্লিদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।তাই এলাকাবাসীর উদ্যোগে গোল মসজিদটি কিছুটা সম্প্রসারণ করে এর ভেতরে টাইলস ও চারপাশে রঙ করে পূণরায় সংস্কার করা হয়েছে। ফলে নতুন রুপ লাভ করেছে ২৫০ বছর আগের ঐতিহাসিক ওই গোল মসজিদটি। যেটি এখনো মোঘল আমলের স্মৃতি বহন করে চলছে।
স্থানীয় ইতিহাসবিদ হিসেবে সুপরিচিত ও উপজেলার ঐতিহ্যবাহী হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী (অনার্স)কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাকিম জানান, মাস্টার্সে অধ্যয়নকালে ইতিহাসের ছাত্র হিসেবে তিনি তৎকালীন শিক্ষক ও সহপাঠীদের সাথে আশির দশকের শেষ দিকে ওই গোল মসজিদ পরিদর্শন করেছিলেন । পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করে বহুবার ওই গোল মসজিদ পরিদর্শন করে এটির ইতিহাসিক তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এখনো সচেষ্ট রয়েছেন। তবে ঐতিহাসিক এ গোল মসজিদটি বর্তমান প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান তিনি।
এ ব্যাপারে হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট সমাজকর্মী মুহাম্মদ মাহবুবুর রহমান জানান,সম্প্রতি নতুন করে সংস্কারের ফলে ঐতিহাসিক এ গোল মসজিদটি কিছুটা হলেও নতুনত্ব পেয়েছে। যা তরুণ প্রজন্মকে আকৃষ্টের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ গবেষণা কাজেও সহায়ক হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম মবিন ওই মসজিদ পরিদর্শন শেষে নয়া দিগন্তকে জানান,দেশ-বিদেশে ব্যাপক পরিচিতির জন্যে ঐতিহাসিক এ গোল মসজিদটি সরাসরি দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের নিয়ন্ত্রণে অন্তর্ভুক্ত করা জরুরি বলে মনে করেন তিনি ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com