কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের চিহ্নিত ভূমিদস্য তারা মিয়া ও শহিদুল ইসলামের অত্যাচারে আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই ভুক্তভোগীরা একত্রিত হয়ে নিজ এলাকায় মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে একই গ্রামের ভুক্তভোগী ফয়সল ভূঁইয়া অভিযোগ করেন, গত ২৫ সেপ্টেম্বর অনুমান সকাল সাড়ে সাতটার দিকে চিহ্নিত ভুমি দস্যু তারা মিয়া লোকজন নিয়ে ফয়সল গংদের দখলীয় যায়গায় বেআইনি প্রবেশ করে এবং তাদের হাতে রোপিত ৪০-৫০ টি সুপারি গাছ উপড়িয়ে ফেলে।
তাহা দেখিয়া ফয়সল ও ইসমাইলের পরিবারের সদস্যরা প্রতিবাদ করিলে তারা মিয়া ও সঙ্গিরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাহাদের খুন করার জন্য আক্রমণ করে কয়েকজনকে গুরুতর আহত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় আহতরা বর্তমানে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত জখমী আছিয়া খাতুন জানান, শহিদুল্লাহ ভুঁইয়া তাকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে এবং চুল ও কাপড় ধরে টেনে হেঁচড়ে শ্লীলতাহানি করে। এছাড়া তারা মিয়া আছিয়া খাতুনের গলায় থাকা প্রায় নব্বই হাজার টাকা দামের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় এবং যাওয়ার সময় তাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলাসহ হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় ফয়সল ভূইয়া বাদী হয়ে তারা মিয়া ও শহিদুল্লাহ ভুঁইয়াকে আসামি করে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়ের পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার না করায় এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার স্থানীয়রা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে জরুরি প্রতিকার দাবি করেন।
এ ব্যাপারে গোবিন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হিমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,আসামীরা খুবই গুন্ডা প্রকৃতির মানুষ। ইতিপূর্বে ওই জমি নিয়ে বহুবার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেনদরবার করলেও তারা মিয়ারা মানেনি। তাই ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আবারো প্রতিকার চাইছেন।