দামিহা ইউনিয়নের ১ নং, ৫ নং, ৬ নং ও ৪ নং ওয়ার্ডের কিছু অংশের দায়িত্বে আছেন কৃষি উপসহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান রিপন। এই সমস্ত ওয়ার্ডের কৃষকগণ কৃষি উপসহকারীর দেখা পান না। দামিহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নগরকুল গ্রামের কৃষক লিটন পাল ও উৎপল বিশ্বাসের অভিযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান রিপন মাঠে আসেন না। উপজেলা কৃষি অফিসে গিয়েছিলাম কৃষি বিষয়ে পরামর্শের জন্য। বোরো খেতের ফলন বাড়ানোর বিষয়ে পরামর্শ চাইলে তিনি তেলেবেগুনে জ্বলে উঠেন। তিনি আমাদের বলেন, আমি কি আপনাদের কামলা দিই। আপনারা বললেই মাঠে যেতে হবে, যা পারেন করেন গা।
কৃষিজমিতে যে অল্পসংখ্যক কৃষক এখনো কৃষিতে টিকে থাকার চেষ্টা করছেন, তাঁদের চাওয়া খুবই সুনির্দিষ্ট। খরা, রোগবালাই আর দুর্যোগের মুখে টিকে থাকার কৌশল জানতে চান তাঁরা। সেই সঙ্গে তাঁদের দাবি, কৃষকের ন্যায্য প্রাপ্য যেন কৃষকই পায়। কৃষকদের কাছে আলোকিত বাংলাদেশের একটি প্রশ্ন ছিল, কৃষিকাজ ছেড়ে দেওয়া মানুষেরা পরবর্তিতে কী কাজ করছেন? কৃষকেরা জানিয়েছেন, যাঁরা চাষ ছেড়ে দিয়েছেন বা বেকার, তাঁরা অটোরিকশা চালানো, মাটি পরিবহনের ট্রাকে শ্রম দেওয়া অথবা বদলা খাটার মতো কাজ করছেন।
দামিহা ইউনিয়নের ৪টি ওয়ার্ডের দায়িত্বে থাকা কৃষি উপসহকারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান রিপনের কাছে কৃষকদের করা অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিনামূল্যে সরকারের দেওয়া প্রণোদনা সকলকে দেওয়া সম্ভব না। কৃষক ছাড়াও বিভিন্ন মহলকে সরকারি প্রণোদনা দিতে হয়। কারণ অনেক সময় তারা আমাদের দেখ ভাল করে।
.
তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়ের কাছে উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান রিপন সম্পর্কে কৃষকদের করা অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিষয়ে কৃষকদের করা অনেক অভিযোগ রয়েছে আমার কাছে। আমি অতিদ্রুত কৃষকদের করা অভিযোগগুলো খতিয়ে দেখব। প্রকৃত কৃষকদের জন্য বিনামূল্যে সরকারের দেওয়া প্রণোদনার বিষয়ে তিনি বলেন, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকেই কৃষকের তালিকা নেওয়া হয়। ‘তালিকা পেয়ে কৃষক শনাক্তের দায়িত্ব কার’ প্রশ্ন করলে তিনি বলেন, এতে আমাদের কিছু করার থাকে না। আমরা চাপে আছি, তাই তাদের দেওয়া নামগুলো নিতেই হয়। মাঠে-প্রান্তরে গেলে আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?