নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে সরকারিভাবে ধান-চাউল ক্রয় সংগ্রহ অভিযান শুরুর পরও বাজারে ধানের দামের প্রভাব পড়েনি। বাজারে এখন প্রতি মণ মোটা জাতের ধান বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায় ও চিকন ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা মণ ধরে। উৎপাদন খরচ অনুযায়ী এবার মণ প্রতি কৃষকের লোকসান হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা।
তবে আজ উপজেলায় ১ হাজার ২০৩ টনের মধ্যে ৮৫০মেট্রিক টন চাল কেনা হলেও ৪৩৮ টন ধান ক্রয় করার কথা থাকলেও ধান ক্রয় হয়েছে ২১০ মেট্রিকটন। ধান ক্রয়ের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি নেই।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে , এবার সরকারিভাবে মিলারদের কাছ থেকে চাল কেনার বরাদ্দ এসেছে ১২০৩ মেট্রিক টন। আর কৃষকদের কাছ ধান কেনার বরাদ্দ এসেছে ৪৩৮ মেট্রিক টন। চাল ক্রয় করার লক্ষে গত ৬ মে থেকে উপজেলার দশটি লাইসেন্সভুক্ত চালকলের মালিকরা জেলা খাদ্য অফিসের মাধ্যমে সরকারের সঙ্গে চুক্তি করেছেন। উপজেলা খাদ্য গুদামে চুক্তি অনুযায়ী ওই তারিখ থেকেই চাল কেনা শুরু হয়েছে।বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা সর্বস্বান্ত হলেও এবার সরকারি খাদ্য ক্রয় অভিযানে সবচেয়ে লাভবান চালকল মালিকরা। আর ২২ মে থেকে ধান ক্রয় শুরু হলেও ২৮ জুন পর্যন্ত ক্রয় হয়েছে ২১০ মেট্রিক টন ধান।
গতকাল শনিবার নিকলী উপজেলার খাদ্যগুদামে খোঁজ নিয়ে জানা গেছে , ধান-চাউল ক্রয়য়ের এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খাদ্যগুদামে ধানও চাল কেনা শেষ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাতাল ব্যবসায়ী জানান , সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারের ধান কেনার কথা থাকলেও নানা জটিলতার কারণে কৃষকরা ধান নিয়ে আসতে চান না।
নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়া গ্রামের কৃষক আছির উদ্দিন বলেন , এবার সরকার ২৬ টাকা কেজিতে ধান কিনছে।কিন্ত আমাদের ধান তো নেবে না। আমরা ধান নিয়ে খাদ্যগুদামে গেলে সেখানে থাকা অফিসের লোকজন নানা অজুহাত শুনিয়ে ফেরত পাটিয়ে দেয়। কখনো বলে গুদামে জায়গা নেই , কখনো বলে ধান ভালোভাবে শুকানো হয়নি। নানা বিড়ম্বনা। তাই লোকসান হলেও হয়রানির ভয়ে আমাদের মতো সাধারণ কৃষকের ধান বাজারেই বিক্রি করতে হচ্ছে।নিকলী উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি) এলএসডি শওকত হাসান জানান , গতকাল শনিবার পর্যন্ত উপজেলার চুক্তিবব্ধ দশটি মিলারদের কাছ থেকে ৮৫০ মেট্রিক টন চাল কেনা হয়েছে। আরও ৩৫৩ মেট্রিকটন চাল কেনা হবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২১০ মেট্রিকটন ধান কেনা হয়েছে। আরও ২২৮ মেট্রিক টন ধান কেনা হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নিকলী উপজেলায় ২০ হাজার ৭২০ জন প্রকৃত কার্ডধারী কৃষক রয়েছে। কিন্ত খাদ্য গুদামের তালিকা অনুযায়ী ধান দিবে মাত্র ৪৩৮ জন কৃষক। বাকী ২০ হাজার ২৮২ জন কৃষক খোলা বাজারে ধান বিক্রি করতে হবে।