সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অন্ধকারে খোকন, আলো ফেরাতে দরকার মানবতার হাত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
অন্ধকারে খোকন, আলো ফেরাতে দরকার মানবতার হাত

আর একবার যদি ছেলেদুটির মুখখানি দেখতে পারতাম! এক অসহায় পিতার এ হাহাকার যেন বুক ভেঙে বেরিয়ে আসা আর্তনাদ। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে আজ পুরোপুরি অন্ধ হয়ে পড়েছেন তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি এখন পৃথিবীর আলো হারিয়ে অন্ধকারে নিমজ্জিত। বলছি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামের দিনমজুর মো. খোকন মিয়ার কথা।

একসময় কঠোর পরিশ্রমে পরিবারের মুখে আহার জুগিয়েছেন তিনি। কিন্তু আজ চোখের লেন্স নষ্ট হয়ে যাওয়ায় দেখতে পান না নিজের দুই সন্তানের মুখটিও। একসময় যিনি পরিশ্রমে সংসার চালাতেন, সেই মানুষটি এখন পরনির্ভর জীবনের কঠিন বাস্তবতায় সংগ্রাম করছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, খোকন মিয়ার চোখে নতুন লেন্স প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় চার লাখ টাকা। কিন্তু অভাবের সংসারে এ বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। তাই তিনি দেশ-বিদেশের হৃদয়বান ও মানবিক ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, খোকন মিয়ার থাকার মতো নিজস্ব ঘরও নেই। ভাইয়ের ঘরের বারান্দায় আশ্রয় নিয়েছেন তিনি। যেখানে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই কঠিন, সেখানে চিকিৎসার খরচ বহন করা প্রায় অসম্ভব। অথচ চিকিৎসা না করাতে পারলে পুরো পরিবারকেই নেমে আসতে হবে অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে।

স্থানীয়রা জানান, খোকন মিয়া পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আজ তিনি অন্ধত্বের আঁধারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন। তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষরা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো এই অসহায় মানুষটি আবারও ফিরে পেতে পারেন আলো ফিরে আসতে পারে তাঁর দুই শিশুর মুখে হাসি।

এ বিষয়ে ৫ নং শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন বলেন, খোকন মিয়া অল্প বয়সের ছেলে। তার চোখের সমস্যা অনেকদিনের। আমি বিভিন্ন সময়ে তাকে কিছুটা সহযোগিতা করেছি, কিন্তু এখন চিকিৎসার জন্য প্রায় তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন। সমাজের সদাশয় মানুষরা এগিয়ে এলে হয়তো তার চোখের আলো ফিরে আসতে পারে।

হৃদয়বান মানুষের সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে খোকন মিয়ার দৃষ্টিশক্তি, আর তার দুই শিশুর জীবনে ফিরিয়ে আনতে পারে হাসি ও আশার আলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com