কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাবরগাঁও ঐতিহাসিক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) ৭ম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম। হোসেনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলনমেলায়।
মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল দেশের খ্যাতনামা ইসলামী বক্তাদের অংশগ্রহণ। বিশেষ করে জনপ্রিয় ওয়ায়েজ মুফতি শাহ্ আহমাদুল্লাহকে হেলিকপ্টারে করে মাহফিল প্রাঙ্গণে নিয়ে আসা হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আয়োজক সূত্রে জানা যায়, প্রবাসী সমাজের সহায়তা ও বিশেষ উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী ব্যবস্থার আয়োজন করা হয়।
মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব আলরুইস কমিটির সভাপতি এবং প্রবাসী সমাজকর্মী আলহাজ্ব মো. আজহারুল ইসলাম। স্থানীয়দের মতে, তাঁর সার্বিক সহযোগিতা, অর্থায়ন ও তত্ত্বাবধানেই এত বড় পরিসরে শান্তিপূর্ণভাবে মাহফিল আয়োজন সম্ভব হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া মাহফিলে দিনের প্রথম পর্বে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শাইখুল হাদিস আল্লামা মুফতি সায়্যিদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর সাহেব, জৈনপুরী)। তিনি কোরআন ও হাদিসের আলোকে ঈমান, তাকওয়া এবং নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সকাল ১১টায় বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন মুফতি শাহ্ আহমাদুল্লাহ (খতিব, রূপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ)। তাঁর হৃদয়স্পর্শী বক্তব্যে মাহফিল প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেক মুসল্লি আত্মশুদ্ধির আহ্বানে সাড়া দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেষকুড়া আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ক্বারী মো. আ. হালিম উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বয়ান রাখেন গাবরগাঁও শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলী হুসাইন নূরী এবং বাজিতপুরের নাজিম ভূঁইয়া জামে মসজিদের খতিব মুফতি আবু বকর হোসেনপুরী।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মামিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি নোমান বিন আব্দুল হাই ও মাওলানা মো. মাজহারুল ইসলাম শফিকুল।
শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সফলভাবে মাহফিল সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং অংশগ্রহণকারী মুসল্লি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।