কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, তাড়াইল-সাচাইল ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসাইন ও গোলাম মোহাম্মদ সুমন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং আউশ ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।