নওগাঁর নিয়ামতপুরে তিন বছরের শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন – বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরের ভেতরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, “আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।”
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।