নওগাঁর নিয়ামতপুরে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের পিতা নুমির উদ্দীন, বড় বোন ডালিমা, মেঝ বোন শিরিনা এবং ভাগনে সবুজকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে নওগাঁ ও রাজশাহী থেকে পুলিশের সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন – হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও তিন বছরের মেয়ে সাদিয়া খাতুন।
পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের চার সদস্যকে আলাদা আলাদা কক্ষে হত্যা করা হয়। একই বাড়িতে থাকা নিহতের পিতা নুমির উদ্দীন অক্ষত অবস্থায় ছিলেন। তিনি সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি টের পান এবং দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
স্থানীয়দের তথ্যমতে, সম্প্রতি হাবিবুর রহমানের নামে প্রায় দশ বিঘা জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া কয়েকদিন আগে গরু বিক্রির প্রায় দুই লাখ টাকা বাড়িতে ছিল বলেও জানা গেছে।

নিহত গৃহবধূ পপির বাবা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, তার মেয়ের ননদ শিরিনা ও তার ছেলে সবুজ রানা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগেও তারা হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেন তিনি।
প্রতিবেশী সাহেব আলী জানান, ঈদের আগে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার ঘটনাও ঘটেছিল বলে শোনা গেছে।
জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”