কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে সানি (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশে একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানির ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুই থেকে তিন বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়েছিল। সে সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারে। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সানিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।”