মো: আল-আমীন :
কিশোরগঞ্জে ডেঙ্গু ও গুজব সচেতনতায় মূকাভিনয় প্রদর্শনী হয়েছে। গত ২আগস্ট শুক্রবার কিশোরগঞ্জের গুরুদয়াল মুক্তমঞ্চে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজনটির নামকরণ করা হয় ‘কান নিয়েছে চিলে’। জলছবির সাংস্কৃতিক সংঘের পরিবেশনায়- বেলুন বিক্রেতা, প্রেমিক ও রেনু হত্যা নামের তিনটি মূকাভিনয় প্রদর্শনী হয়। মূকাভিনয় করেন রাসেল ইসলাম, আশিষ বিশ্বাস, ডানা চৌধুরী, তাকরিম আহমেদ, মেনন খান, শায়ন ও বিভা। মূকাভিনয় পরিচালনা করেন রিফাত ইসলাম। ডেঙ্গু নিয়ে গান পরিবেশন করেন রুবেল আহমেদ রিদয়। মূকাভিনয় প্রদর্শনী ছাড়াও ডেঙ্গু ও গুজব নিয়ে আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।

জলছবির সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েসের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামান ফরিদ, জলছবি সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা কোহিনূর আফজল, ওয়াননিউজ টুয়েন্টিফোরবিডি ডটকম এর প্রকাশক মো. আব্দুল্লাহ আল মামুন পলাশ, মানবাধিকার নাট্য সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হারুণ আল রশিদ, নাট্য অভিনেতা আব্দুল ওয়াহাব ও কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি জিয়াউর রহমান।
সম্প্রতি ডেঙ্গ ও গুজবের কারণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আর যাতে এমন কোন ঘটনা না ঘটে সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির গণসচেতনতায় ছিল ওয়ান নিউজ টুয়েন্টফোরবিডি ডটকম।
