বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের হাওরে ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে। এ পর্বে তুলে ধরা হয়েছে সেখানকার হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য। জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।
‘ইত্যাদি’র এবারের পর্ব নিয়ে নিজের ফেসবুক পেইচে হানিফ সংকেত শুক্রবার (৪ অক্টোবর) একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন এবারের পর্বে দর্শকরা দেখতে পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিতি।
হানিফ সংকেত তার পোষ্টে আরও লিখেন, আমাদের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি এই মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে। যেখানে কেটেছে তার শৈশব-কৈশোর। এবারের পর্বে দেখতে পাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বিশেষ সাক্ষাৎকার। যেখানে তিনি বলেছেন-তখনকার আর এখনকার হাওর সম্পর্কে তার উপলব্ধির কথা। সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা। বলেছেন জনপ্রতিনিধিদের ভবিষ্যৎ চলার পথের কথা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের কথা। বলেছেন ‘ইত্যাদি’কে ভালোবাসার কথা।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বরাবরের মতো ছিলেন হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন।