জুনিয়র স্কুল সার্টিফিকেট,জুনিয়র দাখিল সার্টিফিকেট ও ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষকদের অবহেলায় প্রবেশ পত্র না পেয়ে সাতজন শিক্ষার্থী কারিগরি শাখার বোর্ড সমাপনি পরীক্ষা দিতে পারেনি। আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান গোলাম মোস্তাফা পলাতক রয়েছেন বলে অভিযোগ যাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, হোসেনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান ও আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফার যোগসাজেসে অনিবন্ধনকৃত হোসেনপুর আইডিয়াল স্কুলের ৩২ জন শিক্ষার্থীকে আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের ছাত্র দেখিয়ে কারিগরি শাখার বোর্ড সমাপনি পরীক্ষা অংশগ্রহনের ব্যবস্থা করার চেষ্টা করেন। ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন শিক্ষার্থীর রেজিঃ ও প্রবেশ পত্র যথা সময়ে শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া হলেও সাতজন শিক্ষার্থীর কোন রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র দেওয়া হয়নি। শিক্ষার্থীরা হলেন নাহিদ হাসান, সোহান মিয়া, আশরাফ, রবিউল আওয়াল, আমানউল্লাহ তামিম, মাহম্মুদ হাসান, রানা হামিদ। ওই সাত পরীক্ষার্থীর প্রবেশ পত্র না পাওয়ায় হোসেনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান ও আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান গোলাম মোস্তাফার সাথে যোগাযোগ করলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পত্র দেয়ার প্রতিশ্রুতি দেন।
কিন্তু আজ শনিবার (২ নভেম্বর) সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসলে হোসেনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্র দিতে পারেন নি। তবে এ সময় আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা পলাতক রয়েছেন। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা কান্নাকাটি শুরু করে ক্ষোভে ফেটে পড়েন। এ খবর শুনে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনে সাত শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করনে মোটো ফোনে বোর্ড কন্টোলারের সাথে কথা বলেন। কিন্তু তথ্যানুসন্ধানে বেড়িয়ে আসে ঘটনার আসল রহস্য, হোসেনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান ও আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা যোগসাজেসে শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পুরণের জন্য জনপ্রতি ৪ হাজার টাকা হাতিয়ে নেন। ওই সাত জন শিক্ষার্থীর মধ্যে তিন জন শিক্ষার্থীর নামে রেজিষ্ট্রেশন করা হলেও ফরম পুরণ করেন নি। তাছাড়া বাকি ৪ জন শিক্ষার্থীর নামে রেজিষ্ট্রেশন করা হয়নি ফরম পূরণ তো প্রশ্নই আসেনা। ঘটনার বিবরণে অর্থ আত্বসাতের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন জানান, রেজিষ্ট্রেশন হয়েছে কিন্তু ফরম পূরন করা হয়নি এমন তিনজন শিক্ষার্থীর বাকি পরীক্ষা গুলো দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাছাড়া, হোসেনপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান ও আকবর আলী কারিগরি স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।