প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দুই নারীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুঁইগাঁও গ্রামের গুলজার আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৬০) ও নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী সোচেনা আক্তার ডলি (৫০)। এছাড়া একই দুর্ঘটনায় কার চালক তোফায়েল আহমদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। নিহতরা সম্পর্কে তার ভাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পর জুড়ী থেকে ভুঁইগাঁও গ্রামের তোফায়েল আহমদ চৌধুরী নিজে প্রাইভেট কার চালিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। এ সময় ওই প্রাইভেট কারে তার দুই ভাবি শিউলি আক্তার ও সোচেনা আক্তার ডলিও ছিলেন। পথিমধ্যে তারা আছুরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।
পরে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফায়েলের দুই ভাবিকে মৃত ঘোষণা করেন। একই সময় তোফায়েলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।