শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দেশে-বিদেশে পালিত হবে ‘শেখ রাসেল দিবস’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে
দেশে-বিদেশে পালিত হবে ‘শেখ রাসেল দিবস’

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- প্রতিপাদ্য নিয়ে আগামী সোমবার (১৮ অক্টোবর) প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে দেশব্যাপী জেলা-উপজেলা ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় পালিত হবে ‘শেখ রাসেল দিবস’।

দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও শিক্ষা, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০টি শেখ রাসেল স্বর্ণপদক, শেখ রাসেল পদকপ্রাপ্ত ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ২০টি ল্যাপটপ, এলইডিপির আওতায় মূল অনুষ্ঠানে ৫টি ও স্ব স্ব জেলায় ৩ হাজার ৯৯৫টিসহ মোট ৪ হাজার ল্যাপটপ দেওয়া হবে।

এছাড়া শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ৬০টি পুরস্কার বিতরণ করবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হবে।

রোববার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে আইসিটি বিভাগ ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে আগামী ১৮ অক্টোবর সকাল ৬টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টায় স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

সকাল সাড়ে ৯টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হল অব ফেমে শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, হল অব ফেমে বিকেল ৩টায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীরা আলোচক হিসেবে অংশ্রগ্রহণ করবেন। সন্ধ্যা ৬টায় সেখানে কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এছাড়া সকাল পৌনে ১০টায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শিত হবে।

এছাড়া সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঢাকায় পুস্তস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন, দুপুর ১২টায় শিশু একাডেমি অডিটরিয়ামে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। দুপুর পৌনে ২টায় শিশু একাডেমি মসজিদ ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল, দুপুর ২টায় মৃত্যুঞ্জয়ী শেখ রাসেল গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জনকূটনীতি অনুবিভাগ থেকে প্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণীসমূহ পাঠ, শেখ রাসেলের ওপর নির্মিত প্রামাণ্য চিত্রসমূহ প্রদশিত হবে।

এছাড়া অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠান/সংস্থা স্ব স্ব প্রতিষ্ঠান থেকে গৃহীত কর্মসূচির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আইসিটি বিভাগ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল ছিলেন অতিথি পরায়ন, বন্ধুবৎসল ও প্রাণচাঞ্চল্য ভরপুর একজন শিশু। শেখ রাসেলের এ অকাল প্রয়াণে সুখ-দুঃখ হয়তো কোনোদিন আমাদের শেষ হবে না। শেখ রাসেলের জন্মদিনে আমাদের কামনা ও প্রত্যাশা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর শিশুরাই যেন নিরাপদে বেড়ে ওঠে তাদের স্বপ্ন ও সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে তার জন্য আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করবো। এ বাংলাদেশ এবং সারা পৃথিবীতে আগামী প্রজন্মের সন্তানদের জন্য একটি নিরাপদ দেশ ও নিরাপদ বিশ্ব হিসেবে গড়ে তোলার জন্য।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি খাতে ভবিষ্যৎ সন্তানদের শিশু-কিশোরদের পারদর্শী করে তুলতে ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা এবং তার পরামর্শে সারা দেশে ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আরও নতুন করে ৫ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে ৩০০টি সংসদীয় আসনে ‘স্কুল অব ফিউচার’ এ বছরেই স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি।

পলক বলেন, একটি শিশুও যেন পথে না থাকে, গৃহহীন না থাকে তার জন্য সরকারের ১৩টি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. রেজাউল মাকছুদ জাহেদী ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com