গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযানে চালিয়ে অস্ত্রসহ ২৪ জন ছিনতাইকারী ও ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী) মো. মেহেদী হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হাজীর মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন ডাকাত ও ১১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯টি ধারালো ছুরি, ১টি শাবল, ১টি রেঞ্জ ও লুণ্ঠিত ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।