ঢাকার ধামরাইয়ের কয়েকটি এলাকায় গরু চুরির অভিযোগে বাবলী আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনির নয়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে।
বাকি আসামীরা হলো- বরিশালের মুলাদী উপজেলার গলই ভাঙা এলাকার মৃত কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার(৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ(২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার নুর ইসলামের ছেলে আরিফ(২২), ধামরাই থানার কাঁচারাজাপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৮)। তাদেরকে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাবলী আমাদের সংগঠনেরই। আমি গ্রেপ্তারের বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এই চক্র দির্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছে বলে জানা যায়। গরু চুরির ঘটনায় ধামরাই থানায় একাধিক অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ধামরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছে। ওই মামলাগুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলী গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন।