এক মাস না যেতেই কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানো হয়েছে। তার জায়গায় নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
গত বছরের ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদন্নতি দেয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান খন্দকার আনোয়ারুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো।
কবির বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন।