মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শালিখা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, মাগুরার আঠারোখাদায় নামযজ্ঞ অনুষ্ঠান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরছিলেন মধু, পুষ্পা ও নিলুসহ অন্যরা। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৫ জন।
খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাত ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি দুজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। এ মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানা গেছে।