বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরপরই নিজের কর্মক্ষেত্রে ফিরে যাবেন। এ সময় তাকে ভুলে যেতে এবং ক্ষমা করে দিতেও অনুরোধ জানিয়েছেন বলেছেন, “ইনশাআল্লাহ নতুন সরকার গঠন হওয়ার পরে সাথে সাথে আমি আমার কর্মজীবনে ফেরত যাব। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন। আমি ভুলে থাকতে চাই। আমি কখনোই কোনো যোগাযোগ মাধ্যমে আসিনি আগে। আমি আবার চাই আপনাদের মাধ্যমে একটি স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, শেষ অনুরোধ যে আমাকে দয়া করে ভুলে যাবেন।”
সচিবালয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ভূমিকা নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, সরকারে আসার সময় আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। তবে চেষ্টার কোনো কমতি রাখিনি। আল্লাহর রহমতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি। কারও প্রতি বৈষম্য বা স্বজনপ্রীতি করিনি।
ছোট খামারি ও বড় উদ্যোক্তা— উভয় পক্ষকেই অন্তর্ভুক্ত রেখে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতির পথে এগিয়েছে বলেও মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি বলেন, এই নীতির মূল লক্ষ্য ছিল কাউকে বাদ না দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগোনো।
ভবিষ্যতেও তার উত্তরসূরিরা একই ধারাবাহিকতায় কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।