চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে এক তরুণের নিহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ; এতে আহত হয়েছেন একজন। উপজেলার জৌলুর দিঘীর পাড় এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন। সে সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
নিহত ৩৫ বছর বয়সি তরুণ পঙ্কজ শীল পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের মিলন শীলের ছেলে; আহত যুবকের নাম তিলক চক্রবর্তী (৩৫)। তিলক ওই এলাকার দুর্গাপদ চক্রবর্তীর ছেলে; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ওসি জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, পঙ্কজ ও তিলক মঙ্গলবার রাত ৮টার দিকে কমলমুন্সীর হাট থেকে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলেন।
আহত তিলকের বরাতে স্থানীয়রা জানিয়েছেন, জৌলুর দিঘীর পশ্চিম পাড়ে পৌঁছালে রাস্তায় তিন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। তাদের মধ্যে একজন বোরকা পরে ছিলেন। পঙ্কজ ও তিলক টর্চলাইটের আলো ফেলে ওই তিনজনকে দেখারও চেষ্টা করেন সেই সময়।
সে সময় পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করে ওই তিনজন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে। আহত পঙ্কজ ও তিলককে উদ্ধার করে শুরুতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপা হাসপাতালে নেওয়া হয়। পঙ্কজ শীল মারা যান রাতে।
আটক ব্যক্তির নাম আবিদুল ইসলাম এবং বাড়ি গাইবান্ধার বলে জানিয়েছেন ওসি জিয়াউল হক।