মহান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আত্মার মাগফিরাত কামনায় তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া কর্মসূচি পালন করেছে হোসেনপুর উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে শহীদের কবরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম শিহাব, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, জুলাই যোদ্ধা মো. রতন ভূঁইয়া, মো. মোস্তাক আহম্মেদ রাব্বী, আল আমিন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শহীদের স্বজনরা।
অনুষ্ঠানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য দোয়া করা হয়।
জানা যায়, আব্দুল্লাহ বিন জাহিদ হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকার শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। গত বছরের ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাত্র ১৭ বছর বয়সে তাঁর আত্মত্যাগ হোসেনপুরবাসীর জন্য গর্বের বিষয় হয়ে আছে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে।”
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “শহীদদের স্মরণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের দেখানো পথেই আমরা দেশ গঠনে কাজ করে যাব।”
কর্মসূচি শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।