কিশোরগঞ্জে দীর্ঘদিনের ভূমি বিরোধের অবসান ঘটিয়েছে জেলা লিগ্যাল এইড অফিস। সরেজমিনে নালিশি সভার মাধ্যমে দুই পক্ষের মধ্যে চলমান একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ স্বাগত সাম্যের নেতৃত্বে এ সরেজমিন নালিশি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃষ্টি উপেক্ষা করে দিনব্যাপী আমিন কমিশনারের মাধ্যমে বিরোধপূর্ণ জমি পরিমাপ করা হয়। পরে উভয় পক্ষকে তাঁদের নিজ নিজ জমি বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করা হয় এবং খুঁটি পুঁতে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়।
এ সময় উভয় পক্ষ ও উপস্থিত এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে বিরোধে জড়িত দুই পক্ষের সদস্যরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে অতীতের রাগ-অভিমান ভুলে ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার অঙ্গীকার করেন।
লিগ্যাল এইড অফিসের এ উদ্যোগে দীর্ঘদিনের বিরোধের অবসান হওয়ায় স্বস্তি ফিরে আসে সংশ্লিষ্ট দুই পরিবারে।
এ সময় উপস্থিত লোকজনের মধ্যে লিগ্যাল এইডের সেবামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি লিগ্যাল এইড অফিসার লিগ্যাল এইডের মাধ্যমে কী কী আইনি সেবা পাওয়া যায়, সে বিষয়ে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন।
দিনব্যাপী এ কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় আমিন কমিশনার, পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা লিগ্যাল এইড অফিসার।