কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড হতে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হবিগঞ্জ থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে নেত্রকোণা এবং ময়মনসিংহ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় মাদক দ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় র্যাবে গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব টহল জোরদার করা হয়।
আজ রবিবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় র্যাব চেক পোষ্ট স্থাপন করে। চেক পোষ্ট পরিচালনা করার সময় একটি মিনি ট্রাককে এর গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত ট্রাক তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ মুরতুজ আলী (৪৬) ও মোঃ মোশারফ হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।
মো : মুরতুজ আলীর পিতার নাম মৃত রাজ্জাক মিয়া এবং সে হবিগঞ্জ জেলার দক্ষিণ আমকান্দি এলাকার বাসিন্দা। অপর দিকে মো: মোশারফ হোসেনের পিতার নাম মো: আব্দুল আউয়াল। সেও হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নতুন বাজার এলাকার বাসিন্দ।
গ্রেফতারের সময় আসামীদের নিকট হতে মাদক বিক্রয়ের নগদ দুই লক্ষ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি মিনি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনা গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।