কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলা মোড় এলাকা থেকে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২ হাজার টাকার জাল নোট’সহ মাদকের গডফাদার কাজল (৪৫) কে আটক করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার (৪ মার্চ) বিকেলে র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পে প্রেস বিফিং করে এ তথ্য জানানো হয়। র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চা বগান এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
সেমতে আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া বটতলায় আসামী কাজল (৪৫) এর ভাড়া বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করে আসামী কামরুল ইসলাম কাজলকে আটক করা হয়। আসামী কাজল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিদার এলাকার মৃত আকরাম আলীর ছেলে। এসময় তাকে ও তার ঘর তল্লাশী করে ৩৭ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চা বাগান এলাকা থেকে প্রথমে সে গাঁজাগুলো সংগ্রহ করে ট্রাকযোগে নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় করার জন্যে অভিনব পদ্ধতি অবলম্বন করে বাজারের প্লাস্টিকের ব্যাগে ০১ কেজি করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্য বহন করে নিয়ে যায়। ইতিপূর্বে তার বিরুদ্ধে আরও ৩টি মাদকের মামলা রয়েছে। র্যাব আরও জানিয়েছে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এগার লক্ষ দশ হাজার টাকা।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।