কিশোরগঞ্জের ভৈরবে ইতালিফেরত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ফলে মৃত ব্যক্তির বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া, উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির চারপাশের ১০টি ঘর এবং দুটি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে। যে দুই হাসাপাতালে তাকে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল সেখানে কর্মরতদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।
শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর চিকিৎসকেরা তাঁর পরিবারের সদস্যদের তাঁকে হৃদ্রোগের চিকিৎসা করাতে পরামর্শ দেন। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে তাঁকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।