কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ইঞ্জিন চালিত টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী ও এক শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (০৫ মে) বিকেলে উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।আহতরা হলেন-মানছুরা খাতুন (৫০), রুবেল মিয়া (২৯), রোকিয়া খাতুন (২২), ফারুক মিয়া (১৭) ও ইয়াছিন (৮)। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়।
জানা যায়, বুধবার (৫ মে) বিকেলে মঠখোলাগামী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় দুই নারী ও এক শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।