বৃৃৃহস্পতিবার (১ জুলাই) তাড়াইল উপজেলা সদর বাজারে বিকাল ৫ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ তাড়াইল থানা পুলিশকে সঙ্গে নিয়ে তাড়াইল সদর বাজারে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৯শ’ টাকা জরিমানা করেন। এসময় সঙ্গে ছিলেন, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ও এএসপি সার্কেল (করিমগঞ্জ) ইফতেখারুজ্জামানসহ পুলিশ সদস্যবৃন্দ।
এদিন তাড়াইল সদর বাজার হোটেল সাহাব উদ্দিনকে ২শ’ টাকা, মেসার্স সাহাব উদ্দিনকে ৩শ’ টাকা, বীজ ভান্ডার আবদুল ওয়াহাবকে ৩শ’ টাকা ও মাস্ক ছাড়া বাজারে ঘোরাফেরা করার কারণে এক পথচারীকে ১শ’ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তারেক মাহমুদ বলেন, হোটেল, দোকানপাটে কাস্টমার বসিয়ে আড্ডা দেয়া ও মাস্ক বিহীন চলাফেরা করার কারণে তাদের এ জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় আমাদের এই অভিযান লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত থাকবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া, লকডাউনের আওতাধীন না এমন দোকানপাট খোলা রেখে আড্ডা দেয়া যাবে না।