কিশোরগঞ্জের তাড়াইলে আহসানউল্লাহ জয় নামে ৮ বছরের শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জয় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দশদ্রোণ গ্রামের পশ্চিম পাড়ার কামরুল ইসলামের কনিষ্ঠ পুত্র।
নিহত জয়ের মা নিলুফা আক্তার জানান, বৃহস্পতিবার (০৮) জুলাই বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির পাঠ শেষে নিজ বাড়ির আঙ্গিনায় মায়ের সাথে দেখা হয়। এসময় জয় মায়ের কাছে মোবাইল কেনার বায়না ধরেন।
নিলুফা আক্তার ছেলেকে মোবাইল কিনে দিতে পারবেনা জানান ও শাসন করেন এবং বাড়িতে থাকার কথা বলে নিজ বাড়ি থেকে প্রায় ১শত গজ দূরে জয়ের দাদীর বাড়িতে যান।
বেলা সাড়ে ১২ টার দিকে জয়ের মা বাড়িতে এসে দড়জা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির পিছন দিকের খোলা জানালায় উঁকি দিয়ে ছেলে জয়কে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে চিৎকার চেচাঁমেচি শুরু করেন। আশেপাশের লোকজন এসে জয়ের ঝুলন্ত দেহ নামিয়ে আনেন।
নিহত জয়ের মা নিলুফা আক্তার আরো জানান, জয়ের বাবা কামরুল ইসলাম ব্যাবসা করার সুবাদে জয়ের বড় ভাইকে নিয়ে ঢাকায় অবস্থান করেন এবং একমাত্র মেয়ে জর্ডানে গার্মেন্টে চাকুরি করেন। বাড়িতে জয়কে নিয়ে নিলুফা আক্তার একাই থাকতেন। তিনি আরও জানান, জয় জেদি প্রকৃতির ছেলে ছিলো। যখন যা চাইতো তাই কিনে দিতে হতো।
মুঠোফোনে খবর পেয়ে এসপি সার্কেল (করিমগঞ্জ) ইফতেখারুজ্জামান সহ তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার জানান, নিহত জয়ের বাবা কামরুল ইসলাম খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসার পথে আছেন।
থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।