আসন্ন ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ধাপের (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাত ইউনিয়নের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে চেয়ারম্যান ১ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য ১ জন।
তাড়াইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেয়ার ছিল শেষ তারিখ। ঐদিন উৎসবমুখর পরিবেশে ৩৮ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ২৩৬ জন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম খান জাতীয় পার্টির ব্যানারে মনোনয়ন ফরম দাখিল করেন। কিন্তু বৃহস্পতিবার (২১ অক্টোবর) মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়ন ফরমের সাথে দলীয় কোনো প্রত্যায়ন না থাকায় চূড়ান্ত মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে। অন্যদিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য এরশাদ উদ্দিন ভুঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিদ্যুৎ বিল বকেয়া থাকায়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হক বলেন, আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আজ চূড়ান্ত দিনে চেয়ারম্যান ১জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়নপত্র বৈধ রয়েছে, চেয়ারম্যান ৩৭ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য ২৩৫ জনের।