কিশোরগঞ্জের তাড়াইলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় উপজেলার চার নেতাকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে দলটির কেন্দ্রিয় কমিটি ।
জানা গেছে, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে না পাওয়ায় নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে সতন্ত্র নির্বাচন করায় গত ১৯ নভেম্বর রাতে চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারকৃত নেতারা হলেন, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চশমা প্রতীক নিয়ে নির্বাচন করা আশিকুর রহমান আশিক। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৭৯৯ এবং একই ইউনিয়নের আনারস প্রতিক নিয়ে নির্বাচনে জয়লাভ করা উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আবু জাহেদ ভূঞা। তিনি ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ওই ইউনিয়নে দু’জনকেই বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে ধলা ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চেঙ্গিস চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পেয়েছেন মাত্র ৫৫ ভোট। ওই ইউনিয়নে বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক। তিনি ৬হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাছাড়া দামিহা ইউনিয়নে দলীয় সিন্ধান্তের বাইরে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হওয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঞাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মোট ৪হাজার ৭৪৮ভোট পেয়ে পরাজিত হন। ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫হাজার ২৮৮ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি উপজেলার চারজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহম্মদ উল্লাহ বলেন, গত শুক্রবার (১৯নভেম্বর) রাতে কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্তে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই চারজন নেতাকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।