‘করব মোরা মাদক বর্জন-গড়বো মোরা সুখের জীবন’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে ধর্মীয় মূল্যবোধ, শিক্ষার হার বৃদ্ধি, অপসংস্কৃতি, মাদক-জুয়া, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে কিশোরগঞ্জের তাড়াইলে অভিভাবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার পশ্চিম সাচাইল জামে মসজিদের সামনের চত্বরে ‘শিক্ষায় শক্তি আনবে মুক্তি ফাউন্ডেশন’ এর আয়োজনে বিভিন্ন অপরাধ প্রবণতা রোধে অভিভাবক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম সাচাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাই এর সভাপতিত্বে এবং সাংবাদিক ও দলীল লেখক হুমায়ূন কবির উজ্জ্বল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাদেকুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব ও দলীল লেখক নুরে আলম সিদ্দীকি, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহা. হুমায়ুন কবির, সংগঠনের সিনিয়র সদস্য সুজন মিয়াসহ সংগঠনের সকল সদস্য, এলাকার সর্বস্তরের লোকজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাদেকুর রহমান বলেন, পরিবারের প্রধান হিসেবে অভিভাবক যিনি রয়েছেন, তার উচিৎ সন্তানের চলাচলের গতিবিধি পর্যবেক্ষন করা। পরিবার প্রধানসহ অন্যান্য সবাইকে ছেলে-মেয়েদের প্রতি যে সব বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো, মাদকে আসক্ত কোনো ছেলে-মেয়েদের সাথে সক্ষতা আছে কি না, নিয়মিত বিদ্যালয়ে যায় কিনা, অতিরিক্ত সময়গুলো সে কোন পরিবেশে ব্যয় করে, শারীরিক ও মানসিক অবস্থার প্রতি খেয়াল রাখা।
তিনি বলেন, একজন শিক্ষার্থী হিসেবে তাকে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে তা হলো, মাদকে আসক্ত কোনো শিক্ষার্থীর সাথে মিশা যাবে না। তবে ভালো পথে, সুস্থ পথে, সুস্থ জীবনে নিয়ে আসার জন্য তার সাথে মিশা যেতে পারে। মাদক ও ইভটিজিং-কে না বলার উদ্ভুদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, ‘শিক্ষা জাতির মেরুদন্ড’ আর এর নাবিকের দায়িত্ব পালন করছেন শিক্ষকরা আর সেখানে শিক্ষার্থী নামের যাত্রীরা যদি বিপদগামী হয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান নামক তরী থেকে হোঁচট খেয়ে পানিতে নিমজ্জিত হয়, সেক্ষেত্রে নাবিকের দায়িত্ব পালনরত শিক্ষক কোনো ভাবেই দ্বায় এড়াতে পারে না। হ্যাঁ এ কথা সত্যি যে, নাবিকের নির্দেশনা, সর্তকতা, অমান্য করে অগ্রাহ্য করে কোনো যাত্রী নামের শিক্ষার্থী যদি সাগরে ঝাঁপ দেয় তখন নাবিকের দেখে দেখে চেয়ে থাকা এবং দীর্ঘশ্বাস ছাড়া আর কিই বা করার থাকে। একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীর প্রতি যে সব বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো, শিক্ষার্থীর চলাফেরার গতিবিধি, শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সর্তক দৃষ্টি, সেরকম কিছু মনে হলে শিক্ষার্থীর অভিভাবকের সাথে, বিদ্যালয় প্রধানের সাথে পরামর্শ করে যথাযথ পদক্ষেপ প্রহন করতে হবে। সেক্ষেত্রে হতে পারে- শিক্ষার্থীকে নিরুৎসাহিত করা। শিক্ষার্থীকে বুঝানো। সর্তক করা। সর্বশেষ বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া।
সংগঠনের পক্ষ থেকে স্কুল-মাদরাসা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে অভিভাবক ও মতবিনিময় সভা শেষে পুরস্কার তুলে দেয়া হয়।