কিশোরগঞ্জের তাড়াইলে কালোবাজারে সার বিক্রির অভিযোগে সদর বাজারের ব্যাবসায়ী মেসার্স রমজান ট্রেডার্স এর সত্বাধিকারি আলমগীর হোসেনকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, অভিযোগের সত্যতা পাওয়ায় সোমবার (১২সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনীতা দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যাবস্থাপনা আইন ২০০৬ আইনে অভিযুক্তের বিরুদ্ধে উক্ত জরিমানা আদায় করেন।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, গেলো রবিবার (১১সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের পূর্ব-সাচাইল লিটন মহাজনের বাড়ি সংলগ্ন তাড়াইল-কেন্দুয়া সড়কে একটি ট্রলিতে ১২বস্তা সারসহ ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের রাজী বাজারের একজনকে আটক করে স্থানীয় জনগন। ওই ব্যাক্তি জানান, তিনি সদর বাজারের রমজান ভূঁইয়ার নিকট থেকে সার কিনে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। ওই ব্যাক্তির তথ্য অনুযায়ী সারসহ সদর বাজারের মেসার্স রমজান ট্রেডার্সে সত্যতা যাচাই করতে গেলে ওই ডিলারের সত্বাধিকারি আলমগীর হোসেন জানান, তিনি সার বিক্রি করেন নি। এসময় মেসার্স রমজান ট্রেডার্সের রমজান ভূঁইয়া নিজ দোকানেই ছিলেন।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন আরও বলেন, এক এলাকার সার অন্য এলাকায় বিক্রি করার আইন নাই। তাই উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের নির্দেশে ইটনা উপজেলার রাজী বাজারের ক্রেতার নাম-ঠিকানা রেখে ১২বস্তা সার আমাদের হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনীতা দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেসার্স রমজান ট্রেডার্স তাঁদের দোষ স্বীকার করায় ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১২বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে আমাদের মাধ্যমে বিক্রি করে বিক্রয়কৃত টাকা ইটনা উপজেলার রাজী বাজারের ব্যাক্তিকে প্রদান করা হবে।