চারদিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, পাতিলে কালো পোড়া তেল, কেমিক্যালের রং ও কৃত্তিম ফ্লেভার ব্যবহার করে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজার এলএসডি রোডে “মালিক ভরসা” নামের একটি বেকারিতে। বেকারির মালিক ব্রাহ্মণবাড়িয়ার আজিজুল হক ও পরিচালনার দায়িত্বে রয়েছেন, স্হানীয় নুরুল হক ও আনিছুর রহমান।
জানা গেছে, বেশির ভাগ শিশুর পছন্দের খাবারের তালিকায় বিস্কুট, কেক, পাউরুটিসহ নানা জাতীয় বেকারির পণ্য রয়েছে। আবার অনেক সময় পরিবারের অন্য সদস্যরা এই জাতীয় খাবার বাজার থেকে কিনে খান। এসব খাদ্যসামগ্রীর চাহিদাও মোটামুটি বেশ। এ ছাড়া বাসাবাড়িতে কিংবা আত্মীয়-স্বজনদের বাড়িতে গেলেও বেকারি পণ্য দিয়ে অনেকেই অতিথিদের আপ্যায়ন করে থাকেন। উপজেলা সদর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হরহামেশাই প্রতিদিন পৌঁছে যায় এসব খাদ্যসামগ্রী।
মালিক ভরসা বেকারির অভ্যন্তরে বিভিন্ন জায়গায় ময়লার স্তূপ। স্যাঁতসেঁতে পাকা মেঝে। টিনের একটি ঘরে বড় আকারের চুলা বসিয়ে এসব পণ্য দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছে। ঘরগুলোতে জাল বিস্তার করেছে মাকড়সা। গ্লাভসবিহীন হাতে ও গেঞ্জি পড়ে দাঁড়িয়ে অপরিচ্ছন্ন শরীরে এসব পণ্য তৈরি করছেন শ্রমিকরা। পাশেই স্তূপ করা কেমিক্যাল রং ও ফ্লেভার গুঁড়া। বাণিজ্যিকভাবে এসব পণ্য তৈরি ও বিপণন করার ক্ষেত্রে কিছু নিয়মনীতি রয়েছে। যা পালন করা বাধ্যতামূলক। কিন্তু উপজেলা সদর বাজার এলএসডি রোড ‘মালিক ভরসা’ নামের বেরিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব পণ্য। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পরিচালক নুরুল হক এর কাছে বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে পণ্য তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব ঠিকঠাক মতোই আছে। আমরা প্রশাসনকে ম্যানেজ করেই বেকারি ব্যাবসা চালিয়ে যাচ্ছি।
বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার বলেন, এসব বেকারিতে প্রায় সময় আমরা অভিযান পরিচালনা করি। অতিদ্রুত আবারো অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।