কিশোরগঞ্জের তাড়াইলে ১কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ৮ টায় উপজেলার জাওয়ার ইউনিয়নের উত্তর জাওয়ার গ্রামের মাদক ব্যবসায়ী আফতাব উদ্দিনের গোয়াল ঘর থেকে আফতাব উদ্দিন (৬৩) ও সেকান্দরনগর নয়াপাড়া গ্রামের ফুরকান মিয়াকে (৪০) ১কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
তাড়াইল থানার এসআই কাজী রবিউল হক সোহেল বলেন, শুক্রবার দিবাগত রাত ৮টায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার জাওয়ার ইউনিয়নের উত্তর জাওয়ার গ্রামে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আফতাব উদ্দিন ও ফুরকান মিয়াকে ১কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাড়াইল থানার এএসআই সোহেল মিয়া, কনস্টেবল জামাল উদ্দীন, সালেহ আহমেদ শাহ, কনক চন্দ্র দেব, আনিছুর রহমান ও জাহাঙ্গীর আলম এসময় উপস্থিত ছিলেন।
তাড়াইল থানা পুলিশ অফিসার রফিকুল ইসলাম বলেন, গাঁজা ব্যাবসায়ীদের জিজ্ঞাসাবাদ করলে গাঁজা সেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ততার বিষয়টি তারা স্বীকার করেন। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২৬(১) এর ১৯ (ক) ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করার পর শনিবার ১৭ ডিসেম্বর আসামীদের কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।