পবিত্র ঈদুল আযহার আর মাত্র চার দিন বাকি।এরই মধ্যে কিশোরগঞ্জের তাড়াইলে জমে উঠেছে কুরবানির পশুর হাট। শনিবার (২৪ জুন) ছিল কোরবানির ঈদের সবচেয়ে বড় পশুর হাট তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে। এছাড়াও এদিন গরুর হাট বসে তাড়াইল সদর বাজারের পাশে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠেে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পশু বেচা কেনা চলে এই দুই হাটে। দেশি, শাহীওয়াল, ফ্রিজিয়ানসহ বিভিন্ন জাতের গরুর পাশাপাশি ছাগলও বিক্রি হয়েছে। কুরবানির এই দুই পশুর হাটে যুবরাজ, কালো মানিক, বীর বাহাদুর, রাজাবাবু নামে বিশাল আকৃতির গরু নিয়ে এসেছে বিক্রেতারা। তবে এ দুই হাটে ভারতীয় কোনো গরু দেখা যায়নি।
গরু কিনতে আসা হাবিবুর রহমান, ফজলুর রহমান, সাহাব উদ্দিন, বাচ্চু মিয়া জানান, কুরবানির হাটে পশু বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি এবং গরুর দামও গত বছরের চেয়ে বেশি। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে আসা বেপারী ও খুুুুচরা বিক্রেতারা জানান, বাজারে ক্রেতাদের সমাগম ভালোই। গরুর যে দাম উঠেছে হাটে তাদের লাভ হচ্ছে না। পরবর্তী হাট আসছে মঙ্গলবার কিছুটা লাভ হলে বাকী গরু গুলো বিক্রি করবেন বলে তারা জানান।
তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ পশুর হাটের ইজারাদারগণ জানান, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে প্রতারিত না হন সেজন্য মাইকে প্রচারণা চালানো হচ্ছে এবং থানা পুলিশ নিয়োজিত রয়েছেন। ঈদের আগের মঙ্গলবারের হাট পরিচালনা করা হবে বলেও তারা জানান।