কিশোরগঞ্জের তাড়াইল সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা বানু (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীব অবস্থায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল মিরপুরে মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
নিহত শিক্ষিকা উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর (সৈয়দবাড়ী) গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, ছাত্রছাত্রী, পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী, একটি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় তার কর্মস্হল সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে শাহ সেকান্দরনগর আউলিয়া রহ. কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে উপজেলার ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলার সেকান্দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জানান, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা বানু’র মৃত্যুতে আমরা শিক্ষক, ছাত্রছাত্রী, কমিটি, অভিভাবক গভীর শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি এবং অভিভাবক শূন্য হয়ে গেলাম।