কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে প্রবেশ করেন আবদুল হালিম নামের এক ব্যাক্তি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে এসে টয়লেট খুঁজতে থাকেন তিনি। এ সময় ঘটনা বুঝতে পেরে উত্তর পাশের চায়ের দোকানদার হাবিবুর রহমান দেখিয়ে দেন পাবলিক টয়লেটের পথ।
কিন্তু সাধারণ জনগণের জন্য নির্মিত পাবলিক টয়লেটটি বন্ধ থাকায় বিপাকে পড়েন আবদুল হালিম।
উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন বলেন, মসজিদের পাশেই রয়েছে দুটি পাবলিক টয়লেট। কিন্তু এই পাবলিক টয়লেট দুটিতে দিনের পর দিন ঝুলছে তালা। এতে পাবলিকের ভোগান্তির শেষ নেই। তিনি আরো বলেন, মসজিদে মাত্র একটি টয়লেট রয়েছে। পাবলিক টয়লেট খুলে দেয়া হলে মুসুল্লিদের জন্যও সুবিধা হতো।