সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে না নেওয়ায় বাজারে নতুন অস্থিরতা তৈরি হয়েছে।
পাইকারি ও খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সরকারী অনুমোদন সাপেক্ষে দাম বাড়েনি, তবে সরবরাহকারী কোম্পানিগুলো কমিশন কমানোয় খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে। গত তিন-চার দিনে লিটারে দুই ধরনের তেলের দাম প্রায় পাঁচ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে লিটারে ১০ টাকা দাম বাড়ানোর জন্য চিঠি দেয়। এরপর সোমবার মন্ত্রণালয় ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে লিটারে মাত্র এক টাকা দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোম্পানিগুলো দাম বৃদ্ধির ঘোষণা দেয়নি।
বাজারে খোলা সয়াবিন তেলের দাম বুধবার খুচরা পর্যায়ে লিটারে ১৭০ থেকে ১৭২ টাকা এবং সুপার পাম অয়েল বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। চার দিন আগেও সয়াবিন তেলের দাম ছিল ১৬৯ এবং পাম অয়েল ১৫০ টাকায়।
খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় খুচরার বাজারেও প্রভাব পড়েছে। তিন-চার দিনের ব্যবধানে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা থেকে ৩৪ হাজার ৪০০ টাকা। একই সময়ে খোলা সুপার পাম অয়েলের দাম বেড়ে হয়েছে ২৯ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা।
বোতলজাত তেলের দাম খুচরা পর্যায়ে ততটা বাড়েনি, তবে পাইকারিতে বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের মালিক মো. নাঈম বলেন, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টনে (২০ লিটার) দাম ৫০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে।