কিশোরগঞ্জের হোসেনপুরে গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব-পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় পুমদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নাসিং সুপারভাইজার লুৎফা আক্তার, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) ফাতেমাতুজ জহুরা, মিডওয়াইফ ইনচার্জ নাজমুন্নাহার, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্থানীয় গর্ভবতী নারীরা অংশগ্রহণ করেন এবং নিজেদের নানা প্রশ্ন ও অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
ডা. তানভীর হাসান জিকো বলেন,“প্রতিটি গর্ভবতী নারী যেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রসবের সুযোগ পান—এটাই আমাদের মূল লক্ষ্য। ইউনিসেফের সহায়তায় আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারছি।”