গত সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও অস্বস্তি বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে।
এর মানে হল গত বছর সেপ্টেম্বর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের সেপ্টেম্বরে কিনতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৩৬ পয়সা। গতবছর সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। আর চলতি বছর অগাস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। সে হিসেবে সেপ্টেম্বরে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক কিছুটা খারাপের দিকে গেছে।
সোমবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), যেখানে সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।
অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে। আগস্ট মাসে যেটি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
এদিকে আগস্ট মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯০ শতাংশ থাকলেও সেপ্টেম্বর মাসে সেটি বেড়ে ৮ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ।
এছাড়া সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪০ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫১ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করেছে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের উচ্চ হার ধরে রেখেছে।
বিবিএস এর সবশেষ তথ্য বলছে, সার্বিক মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে সেপ্টেম্বরে।