কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-সদর) আসনের এমপি হিসেবে দেখতে চেয়ে হোসেনপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির দুঃসময়ে সাহসী ভূমিকা রাখা, পুলিশি ও কারা নির্যাতন সত্ত্বেও দল ও নেতার প্রতি অবিচল থাকা এই ত্যাগী নেতা মাজহারুল ইসলামই কিশোরগঞ্জ-১ আসনের প্রকৃত জননেতা। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাহিল মিয়া, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি এস খসরুজ্জামান শরীফ, জেলা কৃষক দলের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম মাজার, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসরাহিল হোসেন মধু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মাহবুব, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন ও আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা যুবদলের সভাপতি শাফায়াত উল সম্রাট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, শাহেদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন গোলাপ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মো. দুলাল মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মাজহারুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা ও মাঠ পর্যায়ের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানানো হয়।