কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গত দুদিন ধরে সূর্যের দেখা নেই। হঠাৎ করেই হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল হাওয়া এবং মাঝারি থেকে ঘন কুয়াশায় উপজেলার সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
কনকনে শীত ও কুয়াশার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে হতদরিদ্র ও নিম্নআয়ের দিনমজুর মানুষের আয়-রোজগারের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
‘মাঘের শীত বাঘের গায়ে’—খনার এই বচনটি যেন এবার পৌষ মাসের শীতেই বাস্তব হয়ে উঠেছে। তীব্র শীতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বোরো বীজতলা ও গমের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। কৃষিবিদদের মতে, তাপমাত্রা কমে যাওয়া গমের জন্য ইতিবাচক হলেও বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’-এর ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রার কারণে শীতকালীন সবজি চাষ নিয়েও উদ্বিগ্ন কৃষকরা।
কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত দুদিন ধরে দিনের বেলায় শীত কিছুটা কম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় ঠান্ডার তীব্রতা বেড়ে যায়। শীত নিবারণের জন্য গ্রামাঞ্চলের মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন।
উত্তুরে হিমেল হাওয়া ও তীব্র শীতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে নদ-নদী তীরবর্তী চরাঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকায় সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির মানুষের কষ্ট বেড়েছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ যেমন কাজে বের হতে পারছেন না, তেমনি ছোট ছোট ছেলে-মেয়েরাও নিয়মিত স্কুলে যেতে পারছে না।