বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫২ মিনিটে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তার আগেই হাসপাতালে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে সরাসরি অসুস্থ মায়ের কাছে যান তারেক রহমান। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে অবস্থানকালে তারেক রহমান আইসিইউ কেবিনে গিয়ে মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় আইসিইউ কেবিনের বাইরে অপেক্ষমাণ অবস্থায় ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা তথ্য জানান।
তারেক রহমানের থাকার জন্য গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হন। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করলে সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল।
এর আগে, তারেক রহমানকে বহনকারী বিমানটি সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।