শীতের তীব্রতা থেকে অসহায় ও হতদরিদ্র মানুষদের রক্ষা করতে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে উপজেলার জিনারী, সিধলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীত মৌসুমের শুরু থেকেই দরিদ্র, বৃদ্ধ, নারী ও শিশুদের কথা বিবেচনায় রেখে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণকালে প্রত্যেক সুবিধাভোগীর হাতে কম্বল তুলে দেওয়া হয়, যাতে তারা শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“সরকারের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রকৃত অসহায়রা যেন শীতবস্ত্র থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গ্রামের অসহায় মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তারা জানান, শীতের এই সময়ে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।