দলের রেওয়াজ মেনে ভোটের প্রচারে নামতে সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন তিনি, পৌঁছান রাত সোয়া ৯টার দিকে।
শাহজালালের (রহ.) মাজার থেকে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজারে যাবেন তারেক রহমান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি।
শ্বশুর বাড়িতে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ উঠবেন তিনি। সেখানেই তার রাত্রিযাপনের কথা।
২২ বছর আগে তারেক রহমান যখন সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে এসেছিলেন, তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন।
মায়ের পথ ধরে বুধবার একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাজ শুরু করতে সিলেটে যান তারেক রহমান।
মাঝের দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। চব্বিশের ৫ অগাস্ট পরবর্তী সময়ে ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন।
জেলা বিএনপির নেতারা তারেক রহমানের সফরসূচি সম্পর্কে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘অরাজনৈতিক তরুণের’ সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।
সকাল ১১টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে।
সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি জনসভায় বক্তব্য দেবেন।
পথে কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে সভা করার কথা রয়েছে বলেও দলীয় নেতারা বলছেন।