কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী মৌজায় আদালতের রায়ে ডিগ্রি প্রাপ্ত হওয়া সত্ত্বেও নিজের জমির দখল বুঝে পাচ্ছেন না মোমেনা খাতুন নামের এক অসহায় নারী। স্থানীয় ভূমিদস্যুদের বাধার কারণে দীর্ঘদিন ধরে তিনি নিজ ভূমিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, চরপুমদী মৌজার বিভিন্ন দাগে মোট ২২৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত মোমেনা খাতুনের পক্ষে রায় প্রদান করেন। তবে রায় ঘোষণার পরও প্রভাবশালী একটি মহল বেআইনিভাবে জমিটি দখলে রেখে ভয়ভীতি প্রদর্শনসহ নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
ভুক্তভোগী মোমেনা খাতুন অভিযোগ করে বলেন, আদালতের বৈধ ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি নিজের জমি ভোগদখল করতে পারছেন না। এতে তিনি চরম নিরাপত্তাহীনতার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, আমি আইন অনুযায়ী জমির ডিগ্রি পেয়েছি, কিন্তু তারপরও নিজের জমিতে যেতে পারছি না। দ্রুত প্রশাসনের সহায়তা চাই।
এলাকাবাসীর অভিযোগ, চরপুমদী মৌজায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।