বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে করিমগঞ্জ–তাড়াইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল বালুর মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম ওসমান ফারুক বলেন, “বর্তমান শাসনামলে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ বিপন্ন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনা হবে।”
জনসভা জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফ আহম্মেদ আলেক ও যুগ্ম সম্পাদক সামির হোসেন সাকি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
এছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়ারুল কবির খান। তিনি বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করার আহ্বান জানান তারা।
জনসভায় তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন থেকে মিছিলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ঢোল-বাদ্যযন্ত্র, হাততালি ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও ব্যানার নিয়ে দলে দলে নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
সভা শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।