চলছে ফাল্গুন মাস। এরই মধ্যে সর্বত্র গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। সামান্য দৃষ্টি নিক্ষেপেই চোখে পড়ে—অসংখ্য আমগাছ ছেয়ে গেছে মুকুলে। ফাল্গুনের শুরুতেই প্রস্ফুটিত এসব মুকুল ছড়িয়ে দিচ্ছে হালকা স্বর্ণালি আভা ও মিষ্টি সুবাস। দেশের অন্যান্য এলাকার মতো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাতেও আগাম জাতের আমগাছে মুকুল দেখা দিতে শুরু করেছে।
গাছে গাছে আগাম মুকুলের দেখা মেলায় চাষিদের মাঝে বইছে আনন্দের আমেজ। ইতোমধ্যে তারা বাগানের পরিচর্যা শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর গাছে গাছে মুকুলের সমারোহ ঘটবে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জিনারী, গোবিন্দপুর, সিদলা, আড়াইবাড়িয়া, পুমদি ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় আমগাছে মুকুল আসতে শুরু করেছে। কিছু কিছু গাছে মুকুলের পরিমাণ তুলনামূলক কম হলেও চারদিকে ছড়িয়ে পড়ছে তার সৌরভ। ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
হোসেনপুর অঞ্চলে এখনও শীতের আমেজ থাকলেও আগাম জাতের গাছে মুকুল উঁকি দিচ্ছে। এ অঞ্চলে প্রায় ৩৫ থেকে ৪০ জাতের আম চাষ হয়। সারা দেশে রয়েছে প্রায় ২৫০ জাতের আম। এর মধ্যে উল্লেখযোগ্য ফজলী, গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া, ক্ষীরসাপাত, হিমসাগর, কৃষাণভোগ, মল্লিকা, লক্ষণা, আম্রপালি, দুধসর, দুধকলম, বিন্দাবনী, আরজান, রানী পসন্দ, মিশ্রিদানা, সিন্দুরী, আশ্বিনা ও বিভিন্ন জাতের গুটি আম।
সাধারণত ডিসেম্বরের শেষভাগ থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত বারোমাসি বা স্থানীয় জাতের আমগাছে মুকুল আসা শুরু হয়। তবে এবার জানুয়ারির শুরুতেই আগাম জাতের গাছে মুকুল দেখা গেছে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমগাছে মুকুল আসে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসের মধ্যভাগে অধিকাংশ গাছেই মুকুল দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি বছরই কিছু গাছে আগাম মুকুল আসে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব মুকুল থেকেও ভালো ফলন পাওয়া যায়। তবে নিয়ম মেনে মাঘের শেষদিকে যেসব গাছে মুকুল আসে, সেগুলোতে ফলন ভালো হয় বলে কৃষি বিভাগ জানায়।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন গত বছরের তুলনায় বেশি হওয়ার আশা করা যাচ্ছে। আমবাগানের সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি বিভাগের মাঠকর্মীরা সার্বক্ষণিক কাজ করছেন। তবে এ উপজেলায় এখনো বাণিজ্যিকভাবে ব্যাপক পরিসরে আম চাষ শুরু হয়নি।