কিশোরগঞ্জের ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। কার্ড প্রদান উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি প্রথম ধাপে পূরণ করা হলো। পর্যায়ক্রমে কৃষি কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি পূরণ করে দেশের মানুষের সেবা নিশ্বিত করা হবে।
মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১০১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামেলী কার্ড বিতরণ করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় প্রতিমন্ত্রী শরীফুল আলম এসব কথা বলেন। এর আগে সকাল ১১ টায় ঢাকা থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ১৪ টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে ৩৭ হাজার ৫৬৭ জনকে ফ্যামেলী কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
সারাদেশে ১৪ টি উপজেলার পাইলট প্রজেক্টে ভৈরব উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ড অন্তভূক্ত ছিল। আজকে ভৈরব উপজেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলো কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আল-আমিন প্রমূখ।
.
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম তার বক্তৃতায় আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যই কৃষি ঋন সুদসহ ১০ হাজার টাকা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভৈরবে পাইলট প্রজেক্টে প্রথমবার আজ ফ্যামেলী কার্ড বিতরণ করা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে বলে জানান তিনি। সরকার গঠনের ২১ দিনের মাথায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী।
.
তিনি বলেন, আগামী মাস থেকে সরকার কৃষি কার্ড বিতরণ ও খালকাটা কর্মসূচী শুরু হবে। ভৈরব-কুলিয়ারচর আমার নির্বাচনী এলাকায় ১ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর কাজ শীঘ্রই শুরু হবে, তাই সকলেই কাজে সহযোগীতা করতে হবে।
.
পরে মন্ত্রী ১০১০ জনের মধ্য ৫ জন দরিদ্র পরিবারের হাতে ফ্যামেলী কার্ড প্রদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যারা ফ্যামেলী কার্ড পেয়েছেন তারা হলো লিজা বেগম, সোনিয়া বেগম, রেহেনা বেগম, হেলেনা বেগম ও দিয়াসমিন বেগম।
.
ফ্যামেলী কার্ড পাওয়া লিজা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পরিবারে ৫ জন সদস্য নিয়ে খুব আর্থিক কষ্টে আছি। আজ কার্ডটি পেয়ে আনন্দিত হলাম। হাসিনা বেগম নামের এক গৃহিনী ফ্যামেলী কার্ড পেয়ে বলেন, আমার মোবাইলে আজ ২৫০০ টাকা সরকার থেকে পেলাম। তিন সন্তান লেখাপড়া করে, তাদের খরচ ঠিকমত দিতে পারতামনা। ফ্যামেলী কার্ডের এটাকায় সন্তানদের খরচ মেটাতে পারব। সুমী বেগম বলেন, ফ্যামেলী কার্ড পেয়েই আজই টাকা পেলাম। তিনবেলা খাবার জুটেনা। এখন কিছুটা অভাব দূর হবে।